মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি ; পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবীগঞ্জের উদ্যোগে আজ ১৪ই মার্চ ২০২৬ ইং তারিখে এ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধ এবং পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। তবে কর্মসূচি বাস্তবায়নের সময় পরিচ্ছন্নতা কর্মীর ঘাটতির বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে। ফলে অনেক সময় বাইরে থেকে অতিরিক্ত কর্মী এনে টাকা দিয়ে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ করাতে হয়। স্থানীয়দের মতে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি। এ জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল বাড়ানো হলে কার্যক্রম আরও কার্যকর হবে। সচেতনতা কর্মসূচিতে উপস্থিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন হতে হবে।”