মোমিন ইসলাম সরকার
দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া চালের বরাদ্দ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পূর্বের তুলনায় এবার উপকারভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে ঈদ উপলক্ষে দেবীগঞ্জ উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ২১ হাজার ১৭৩ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হতো। কিন্তু চলতি ঈদে বরাদ্দ এসেছে মাত্র ১১ হাজার ৮৪ জনের জন্য। ফলে আগের তুলনায় প্রায় ১০ হাজার ৮৯ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—এত বড় সংখ্যক উপকারভোগী কীভাবে তালিকা থেকে বাদ পড়লো এবং বিষয়টি সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কি না।
অনেকের মতে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাইলে বিষয়টি পুনর্বিবেচনা বা সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব ছিল। বিশেষ করে ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে দরিদ্র মানুষের সহায়তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অনেকে।
এদিকে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ইতোমধ্যে বদলিজনিত কারণে এ উপজেলা থেকে বিদায় নিয়েছেন। গত ১০ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দেবীগঞ্জ উপজেলা থেকে বিদায় নেন।
তবে উপকারভোগীর তালিকা কমে যাওয়ার বিষয়টি নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকেই আশা করছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে দরিদ্র মানুষের সহায়তার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।